বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক দিল্লিতে, যাচ্ছেন না সালাহউদ্দিন

- সংবাদ প্রকাশের সময় : ১২:২১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীরা। আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নিচ্ছেন না। তাঁর পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন। মূল বৈঠকের আগে সোমবার (১২ অক্টোবর) সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। বিমসটেকের ইতিহাসে এ ধরনের কর্মকর্তাপর্যায়ের বৈঠকও প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভারত সফর নিয়ে সরকারের ভিন্ন সিদ্ধান্ত
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার কারণ জানতে চাইলে সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিমসটেকের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ বজায় থাকছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশ—বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানকে নিয়ে গঠিত বিমসটেক আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই জোটের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক ঘিরে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে সদস্যদেশগুলোর আলোচনার দিকে নজর থাকবে।





















