ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি করেছে জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) সকালে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী, এনডিসি উবায়দুর রহমান সাহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল কমানো সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণও জরুরি।
























