রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সভায়।
শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
সভায় বক্তব্য দেন রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি নুর নবী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমেন্দ মালাকার ও সাধারণ সম্পাদক গৌর চন্দ্র।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন পরিষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

























