ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণনাকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম এবং বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ করা গেলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ ক্ষেত্রে গণনাকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ও নেকমরদ ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গী উপজেলার চারোল, বড় পলাশবাড়ী ও পাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অংশ নিচ্ছেন। পাঁচটি ইউনিয়নের মোট ২৬ জন গণনাকারী ও চারজন সুপারভাইজার এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, সংগৃহীত তথ্যের নির্ভুলতা যাচাই এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও কার্ড বিতরণ কার্যক্রমে তথ্যগত ভুল কমিয়ে কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

























