বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।
সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দেওয়া হয়েছে দুই লাখ টাকা ও একটি করে ক্রেস্ট।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গুণী শিক্ষকদের বাছাই করতে জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জনকে চূড়ান্ত করে। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচনে আরও সাতজন শিক্ষককে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তবে নির্বাচিত শিক্ষকদের কারও বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
কোন পর্যায়ে কতজন শিক্ষক
এবার প্রাথমিক পর্যায় থেকে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও সাতজন শিক্ষকও এ সম্মাননার আওতায় রয়েছেন।
প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন এবং মাদ্রাসার দুজন শিক্ষক রয়েছেন।
মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক রয়েছেন।
কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক সম্মাননা পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা শিক্ষায়ও সম্মাননা
সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষকের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন রয়েছেন।
চিকিৎসা শিক্ষায় পাঁচজন চিকিৎসা মহাবিদ্যালয় এবং পাঁচজন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান রাখা শিক্ষকদের স্বীকৃতি ও সম্মান জানানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।






















