শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতের আহ্বান
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দুমকিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দুমকি নতুন বাজার ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে র্যালিটি লেবুখালী-বাউফল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম, মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার, স্কুল-কলেজ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্য মর্যাদা, সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশেও গুরুত্ব দিতে হবে। মানসম্মত ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুমকি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।























