শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
আগামি ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো

- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন আমরা হাতে নিয়েছি। আগামি ৫ বছরের মধ্যে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো। মৎস্য অবমুক্তকরণও আমাদের কর্মসূচির আওতায় রয়েছে।স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠার টার্গেট পয়েন্টে লক্ষ্য রেখেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর রহমতখালী খালে পোনা অবমুক্তরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্তকরণের জন্য সরকারি-বেসরকারি ৩৩ টি প্রতিষ্ঠানের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, আমরা গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিচ্ছি। সামাজিকভাবে আমরা নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি।
নির্বাচনের পর থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। তার মধ্যে বৃক্ষরোপন অভিযান, সারাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রয়েছে।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।





















