জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সংক্ষিপ্ত হওয়ায় ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার পরদিনই দেশে ফেরার পথে রওনা দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। এর আগে তাঁর যুক্তরাষ্ট্র সফর ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনায় নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছিল।
সংক্ষিপ্ত সফরে ছোট প্রতিনিধিদল
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত নিউইয়র্ক সফরে সফরসঙ্গীদের তালিকাও ছোট করা হয়েছে। আগের সরকারগুলোর তুলনায় সীমিত প্রতিনিধিদল নিয়ে এবারের সফর আয়োজন করা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
জাতিসংঘের যেসব উচ্চপর্যায়ের বৈঠকে তিনি অংশ নিতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণবিষয়ক আলোচনা।
এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ একাধিক বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আলোচনা আয়োজন করছে বাংলাদেশ।
বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে।
সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ।
এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।





















