কাবিননামায় বর-কনের আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য চায় হাইকোর্ট

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা ঠেকাতে কাবিননামায় বর-কনের আগের ও বর্তমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে কাবিননামায় পূর্বের বিয়ে, সন্তান ও সরকারি পরিচয়পত্রের তথ্য যুক্ত করে ফরম হালনাগাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের পারিবারিক জীবন ও অধিকার সুরক্ষায় কাবিননামার সংশ্লিষ্ট অংশ সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত।
আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট আবেদন করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর ও তানজিলা রহমান।
রিটে বলা হয়, বর্তমানে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর-১৬০১ বা ‘ফরম ঘ’ কাবিননামায় বর ও কনের পূর্বের ও বর্তমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য, সন্তান এবং আগের সম্পর্ক থেকে সৃষ্ট ভরণপোষণ ও অভিভাবকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।
আবেদনে আরও বলা হয়, কাবিননামায় বরের বিদ্যমান স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতির বিষয়ে কিছু তথ্য চাওয়া হলেও তাঁর আগের বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নেই। একইভাবে কনের ক্ষেত্রেও পূর্ববর্তী বৈবাহিক ইতিহাস যাচাইয়ের সমতাভিত্তিক ব্যবস্থা নেই।
আইনজীবী ইশরাত হাসান বলেন, কাবিননামায় পর্যাপ্ত তথ্য না থাকায় অনেক ক্ষেত্রে তথ্য গোপন, প্রতারণা এবং পারিবারিক জটিলতা তৈরি হচ্ছে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ণাঙ্গ তথ্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, কাবিননামায় এসব তথ্য অন্তর্ভুক্ত থাকলে ব্যক্তি যাচাই-বাছাই করে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিদ্যমান স্বামী-স্ত্রী ও সন্তানদের আইনগত অধিকারও সুরক্ষিত হবে।

























