ডেঙ্গুর ভয়াল থাবা, একদিনে ৮ মৃত্যু; হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৬০ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৩৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪৯ হাজার ৩৭৫ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে তিনজন, ঢাকা বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

























