ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, নারীর রিট খারিজ করল হাইকোর্ট

- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্রে ছবি থাকা আইনগতভাবে বাধ্যতামূলক—এমন পর্যবেক্ষণ দিয়ে ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে তিনি নিজেকে প্রাপ্তবয়স্ক ও পর্দানশীল মুসলিম নারী হিসেবে উল্লেখ করেন। ইসলামী শরিয়তের বিধান মেনে চলার কারণে তিনি কোনো ধরনের ছবি তোলেন না বলেও আবেদনে জানান।
ছবি না তোলার কারণে তাঁর জাতীয় পরিচয়পত্র হয়নি। এর ফলে বিভিন্ন সরকারি ও নাগরিক সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন বলে রিটে উল্লেখ করা হয়। এ অবস্থায় ছবি ছাড়াই বিকল্প পরিচয় ও বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়েছিলেন তিনি।
রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। ছবির পরিবর্তে বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—রুলে তা জানতে চাওয়া হয়।
পরে এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য আদালতে তুলে ধরেন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজি। তিনি জানান, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র ইস্যুর কোনো বিধান গণপ্রতিনিধিত্ব আইনে নেই।
আইনজীবীর এই বক্তব্য এবং সংশ্লিষ্ট আইন বিবেচনায় নিয়ে হাইকোর্ট রুলটি খারিজ করে দেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদনটি আর কার্যকর হওয়ার সুযোগ থাকল না।





















