আঞ্চলিক নিরাপত্তায় একসঙ্গে কাজের অঙ্গীকার, বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা বৈঠক

- সংবাদ প্রকাশের সময় : ০২:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে।
দীনেশ ত্রিবেদী ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা আরও বাড়ানো, সক্ষমতা উন্নয়ন এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে।
প্রতিবেশী দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর মাধ্যমে পারস্পরিক আস্থা ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ রয়েছে বলেও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।





















