২০২৭ থেকে পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান ও হাসিনা আমলের নানা ঘটনা

- সংবাদ প্রকাশের সময় : ১০:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান, জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তাঁর অনুপস্থিতিতে সংসদে উত্তর দেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পাঠ্যবইয়ে থাকবে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের কারণ ও ঘটনাপ্রবাহ পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে। পাশাপাশি গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যও অন্তর্ভুক্ত করা হবে।
এ ছাড়া নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনাও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব বিষয়ের মধ্যে রয়েছে গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমে হস্তক্ষেপের মতো ঘটনাগুলো।
শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকে এসব বিষয় পড়ার সুযোগ পাবে।





















