ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশে ফিরতেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশে ফেরার পর আইন অনুযায়ী শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়।’ শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের ফেরাতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। ভারতের বিচার বিভাগও বিষয়টি দেখছে।’
তার ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরবেন এবং পরবর্তী সময়ে তাকে কারাগারে যেতে হবে।
মক্কা প্যাক্টে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, এটি একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোট। বাংলাদেশ ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
মক্কা প্যাক্ট দেশের মানুষের স্বার্থে কতটা কার্যকর হবে এবং এতে বাংলাদেশের কী ধরনের সুবিধা হবে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।’
সভায় যারা ছিলেন
মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















