ড. আবদুল মঈন খান
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর সরকার

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর।
দলীয় প্রতীক থাকছে না স্থানীয় নির্বাচনে
ড. আবদুল মঈন খান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকারসংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ নতুন সরকার আইন হিসেবে জাতীয় সংসদে পাস করেছে।
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ আইনে আগের দলীয় মনোনয়ন এবং জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করা হয়েছে।
তার মতে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিকেন্দ্রীকরণ, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতার সম্ভাবনা
বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় আসে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। সুশাসন ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অস্ট্রেলিয়ার আগ্রহের কথাও জানান তিনি।
বৈঠকের শুরুতে হাইকমিশনারকে স্বাগত জানান স্থানীয় সরকারমন্ত্রী। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান সুসান রাইল।
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে গুরুত্ব
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দ্রুত নগরায়ণের কারণে দেশে বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি তা থেকে জ্বালানি উৎপাদনের সুযোগ কাজে লাগানো প্রয়োজন।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















