জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফর হওয়ার সম্ভাবনা নেই।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা জরুরি। অভিন্ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা তুলে ধরবেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে বাংলাদেশ যেকোনো নিরাপত্তা জোটে যুক্ত হতে পারে। এতে অস্বাভাবিক কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
বোয়িং কেনা নিয়ে চাপ নেই
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। দেশের প্রয়োজন ও চাহিদার কারণেই উড়োজাহাজ কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় একটি সিন্ডিকেটের কারণে দেশটির শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে ধাপে ধাপে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছে।
জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই খাতে কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ হয়েছে, তা এনার্জি সেক্টরের দিকে তাকালেই বোঝা যায়। বর্তমান সরকার জ্বালানি সংকট সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মতবিনিময়কালে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মন্নান উপস্থিত ছিলেন।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়া কাদিপুর গ্রামে একটি নলকূপ উদ্বোধন করেন তিনি।






















