স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে সাতজনকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে গ্রামীণ কর্ম-গাক (গাক) কর্তৃক সরবরাহ করা রুটি ও ডিম খাওয়ার পর একে একে শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে।
হাসপাতালে ভর্তি ৭ শিশু
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, রুটি ও ডিম খাওয়ার পর ৭-৮ জন শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভর্তি হওয়া শিশুরা বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন ছাত্রী।
প্রাথমিক ধারণা ফুড পয়জনিং
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি জানান, বিষয়টি তদন্তে সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগেও অভিযোগ
এদিকে গাকের চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারী কবির হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং বর্তমানে টাঙ্গাইল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার পর এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন বলে জানান তিনি।
তবে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান কবির হোসেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন স্কুলে গাকের সরবরাহ করা খাবার খেয়ে তিন দফায় অনেক শিশু অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছিল। নষ্ট ও পচা খাবার সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল।























