সান্তাহারে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এলাকার একটি ছাতিম গাছ থেকে এমডি বাঁধন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
নিহত বাঁধন সান্তাহার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ পারভেজের ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে স্থানীয় লোকজন সান্তাহার স্টেশনের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এলাকার একটি ছাতিম গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দীন আলী জানান, বাঁধন একটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। কিছুদিন আগে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে আসেন এবং বিয়ে করেন। তিনি সান্তাহার শহরের বিভিন্ন খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নিহত বাঁধনের মা সীমা বানু দাবি করেন, তাঁর ছেলে আত্মহত্যা করেননি। তাকে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, বাঁধনের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। তাঁর গলায় রশি থাকলেও দুই পা মাটিতে ঠেকে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঁধনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























