ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে উদ্বোধন করা হয়েছে নতুন রেস্ট হাউজ। পর্যটকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ সুরক্ষায় নেওয়া হয়েছে আরও একটি উদ্যোগ—স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে ডাস্টবিন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে রেস্ট হাউজটির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পরে তিনি ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের হাতে ডাস্টবিন তুলে দেন।
পর্যটন ও পরিবেশ—দুই দিকেই নজর
অনুষ্ঠানে জেলা প্রশাসক পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি জনসচেতনতামূলক আলোচনাও করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং কৃত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ট্রলারে পেয়ারাহাট পরিদর্শন
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ট্রলারে করে ভাসমান পেয়ারাহাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় তিনি পর্যটনকেন্দ্রটির বিভিন্ন দিক ঘুরে দেখেন।
জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্ট হাউজটি ভিমরুলীর পর্যটন সুবিধা ও সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একই সঙ্গে ভাসমান বর্জ্য শোধন এবং গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ভিমরুলীতে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।

























