হজ-ওমরাহে গিয়ে ভিক্ষা বরা যাবে না, পাকিস্তানি নাগরিকদের সতর্কতা

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
হজ ও ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত লঙ্ঘন না করতে নাগরিকদের সতর্ক করেছে পাকিস্তান। এসব কর্মকাণ্ডে জড়ালে গ্রেপ্তার, আটক কিংবা সৌদি আরব থেকে বহিষ্কারের মতো কঠোর পরিণতি হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি দূতাবাস।
রোববার (১৬ আগস্ট) সৌদি আরবে অবস্থিত পাকিস্তানি দূতাবাস হজ ও ওমরাহ পালন করতে যাওয়া নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করে।
সতর্কবার্তার অংশ হিসেবে দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে স্থানীয় আইন লঙ্ঘনের পর একজনকে সৌদি কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার ও কারাগারে নেওয়ার দৃশ্য তুলে ধরা হয়।
দূতাবাস জানিয়েছে, পবিত্র মক্কা ও মদিনার আশপাশে ভিক্ষাবৃত্তি ও অননুমোদিত অর্থ সংগ্রহের ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। তাই পাকিস্তানি নাগরিকদের অনুমোদনহীন কোনো স্থানীয় সেবা গ্রহণ বা প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আর্থিক সহায়তার প্রয়োজন হলে কিংবা অর্থ সংগ্রহ করতে হলে বৈধ ও অনুমোদিত পদ্ধতি অনুসরণ করার নির্দেশও দিয়েছে দূতাবাস।
ভিসার শর্ত লঙ্ঘনেও কঠোর সতর্কতা
ভিসার মেয়াদ ও শর্ত মেনে চলার বিষয়েও নাগরিকদের সতর্ক করেছে পাকিস্তান। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে অবস্থান না করা এবং ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো কাজে যুক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। হজে যাওয়ার আগে ভিক্ষাবৃত্তিতে জড়াবেন না—এমন মুচলেকা নেওয়ার পরও কিছু নাগরিকের বিরুদ্ধে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের সন্ধানও পাওয়া গেছে। এসব চক্র দরিদ্র মানুষকে হজ বা ওমরাহর ভিসা ও টিকিটের ব্যবস্থা করে সৌদি আরবে পাঠানোর পর তাদের ভিক্ষাবৃত্তিতে যুক্ত করে এবং উপার্জনের একটি অংশ নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তান সন্দেহভাজন কয়েক হাজার ব্যক্তিকে দেশত্যাগে নিষেধাজ্ঞার তালিকায়ও অন্তর্ভুক্ত করেছে।
পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কারাগারে বন্দির চাপ বাড়ছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
সব মিলিয়ে, বৈধ উদ্দেশ্যে হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া নাগরিকরা যাতে স্থানীয় আইন লঙ্ঘন করে গ্রেপ্তার বা বহিষ্কারের মুখে না পড়েন, সে বিষয়টি সামনে রেখেই নতুন করে এই সতর্কতা জারি করেছে পাকিস্তানি দূতাবাস।




















