কাঁচামরিচের দাম কমলেও চড়া ডিম-মুরগি, বাড়ছে মাছের দাম

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে কিছু সবজির দাম কমলেও স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা কমে ১৬০ টাকায় নেমেছে। কমেছে শশার দামও। তবে এর বিপরীতে বেড়েছে ডিম, মুরগি ও মাছের দাম।
শুক্রবার (১৪ আগস্ট) বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে দোকানভেদে ডজনপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। হঠাৎ দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
ডিমের পাশাপাশি বেড়েছে মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে।
মাছের বাজারেও একই চিত্র। বিভিন্ন ধরনের মাছ কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে ছোট তেলাপিয়া ২৩০ টাকা, বড় তেলাপিয়া ২৬০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাশ ২০০ থেকে ২৬০ টাকা এবং রুই মাছ ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির বাজারে অবশ্য কিছুটা স্বস্তি রয়েছে। কাঁচামরিচের পাশাপাশি শশার দামও কমেছে। বর্তমানে শশা বিক্রি হচ্ছে কেজি ৮০ টাকা দরে।
এ ছাড়া কাঁচা পেঁপে, লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া ও পটল ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির বেশির ভাগের দাম এখনো ১০০ টাকার ওপরে।
বেগুনের কেজি ১২০ থেকে ১৪০ টাকা। ঝিঙা, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, করলা ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।
সব মিলিয়ে বাজারে কিছু সবজির দাম কমলেও ডিম, মুরগি ও মাছের বাড়তি দামে নিত্যপণ্যের বাজারে চাপেই রয়েছেন সাধারণ ক্রেতারা।



















