একই খাটে মা-ছেলের লাশ, শিশুর হাত-পা বাঁধা—যশোরে রহস্যজনক মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
যশোরের বাঘারপাড়ায় বসতঘরের একই খাট থেকে এক নারী ও তাঁর ছয় বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির হাত-পা বাঁধা ছিল। আর মায়ের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।
শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাঁদের ছয় বছরের ছেলে জিসান।
স্বজনদের ভাষ্য, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের মরদেহ পড়ে ছিল। জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে ওড়নার দুই প্রান্ত তাঁর নিজের হাতের মধ্যে ধরা অবস্থায় ছিল বলে স্বজনরা জানান।
ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা জানান, তাঁর বোনজামাই জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তাঁর ভাই শিহাবের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।
তবে স্থানীয় এক প্রতিবেশীর দাবি, পরিবারের বাইরে জাকিরের তেমন কোনো শত্রুতা ছিল না।
বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে বিষয়টিকে সাধারণ আত্মহত্যা বলে মনে হচ্ছে না। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
























