গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট ভাংচুর ও আগুন

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন জাফলং চাইনিজ রেস্টুরেন্টে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে ভাংচুর ও আগুন জ্বালিয়ে দেয়। ভুক্তভোগী ওই শিশু খোলাহাটী ইউনিয়নের বাইরবন এলাকার মো আলিম উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ভেড়ামারা জাফলং চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী ভুক্তভোগী ওই শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় জনসাধারণের নজরে বিষয়টি আসলে দুপুর ২ টার দিকে উত্তেজিত শত শত জনসাধারণ রেস্টুরেন্টেটি চারপাশে ঘিরে অভিযুক্ত আমির হোসেনকে অবরুদ্ধ করে রাখে। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে উত্তেজিত জনসাধারণ রেস্টুরেন্টেটি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়।
গ্রেফতারকৃত আমির হোসেন দারিয়াপুর বাজারে মোঃ জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই রেস্টুরেন্টের ম্যানেজার।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

















