সকালে মেসি, রাতে রোনালদো—একদিনে দুই ইতিহাস
- সংবাদ প্রকাশের সময় : ০১:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপ-২০২৬-এর মঞ্চে একই দিনে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সকালে রেকর্ড গড়েছিলেন মেসি, আর রাতে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো।
বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে টানা ষষ্ঠ বিশ্বকাপে খেলার বিরল কীর্তি গড়েন মেসি। বিশ্ব ফুটবলের ইতিহাসে এতগুলো বিশ্বকাপে মাঠে নামা খেলোয়াড়ের সংখ্যা খুবই সীমিত।
এর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের জার্সিতে মাঠে নেমে একই রেকর্ড স্পর্শ করেন রোনালদো। এর মাধ্যমে টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে মেসির পাশে নিজের নামও যুক্ত করলেন পর্তুগিজ তারকা।
যদিও গিয়ের্মো ওচোয়া-ও ষষ্ঠ বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন, তবে তিনি দুটি আসরে মাঠে নামার সুযোগ পাননি। ফলে মাঠে খেলার হিসেবে মেসি ও রোনালদোর কীর্তিই বিশেষভাবে আলোচিত হচ্ছে।
এদিকে ম্যাচের শুরুতেই পর্তুগালকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার জোয়াও নেভেস। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন তিনি। এটি ছিল পর্তুগালের জার্সিতে নেভেসের চতুর্থ আন্তর্জাতিক গোল।
তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর হয়ে ইয়োয়ানে উইসার গোলে ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। ফলে রোনালদোর রেকর্ডগড়া রাতে জয় পাওয়া হয়নি পর্তুগালের।






















