কলকাতায় হেনস্তার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মোশাররফ করিম
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কলকাতায় হেনস্তার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দাবি ওঠে, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ব্যক্তির অপ্রীতিকর আচরণের শিকার হয়েছেন তিনি। পরে বিষয়টি সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়।
তবে এসব দাবির সত্যতা অস্বীকার করে মোশাররফ করিম বলেন, বাস্তবে এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, সামাজিকমাধ্যমে অনেক সময় ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়।
তার ভাষায়, “ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ হওয়ার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।”
এ সময় তিনি গুজব ও যাচাইবিহীন তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানান।
জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে।




















