বেনজীরকে দেশে ফেরাতে নথিপত্র প্রস্তুত করছে দুদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চূড়ান্ত প্রক্রিয়া শেষে এসব নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে।
সোমবার (১৫ জুন) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব নথি প্রস্তুত করা হচ্ছে।
দুদক সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায়, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে নির্ধারিত সময়ের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আবেদন পাঠাতে হবে। ওই আবেদন আরবি অনুবাদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিলযুক্ত হতে হবে।
নথিপত্রের মধ্যে থাকবে অভিযুক্ত ব্যক্তির পরিচয়, ছবি, জাতীয়তা ও ঠিকানা; অভিযোগের বিস্তারিত বিবরণ; প্রযোজ্য আইন ও শাস্তির তথ্য; আদালতের রায় বা গ্রেপ্তারি পরোয়ানার সত্যায়িত কপি; এবং তদন্ত প্রতিবেদনের অনুলিপি।
এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। পরবর্তীতে দুদকের দুই মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।
দুদক আরও জানায়, অনুসন্ধানে বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়ন ও জালিয়াতির অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দুদকের হিসাবে তার বিরুদ্ধে ৭৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা এবং পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিংসহ মোট ছয়টি মামলা চলমান রয়েছে।
এদিকে ২০২৫ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বাংলাদেশকে জানায়, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে আটক রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে দুদক।























