রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার ঘোষণা আরডিএ চেয়ারম্যানের
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
রাজশাহীকে একটি বাসযোগ্য, সুন্দর এবং দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
সোমবার (১৫ জুন) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা জনআস্থা ও প্রত্যাশার প্রতিফলন। রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই তিনি কাজ করবেন।
নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। পূর্ববর্তী সময়ের তৈরি মাস্টার প্ল্যানের ভিত্তিতেই শহরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী নতুন পরিকল্পনাও গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে এমন একটি শহরে রূপান্তর করা হবে, যেখানে নাগরিকরা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন এবং উন্নত নগরসেবার সুবিধা পাবেন।
নাগরিক সেবা সহজীকরণে গুরুত্বারোপ করে তিনি জানান, উন্নয়ন কার্যক্রম ও সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এতে জনগণের সম্পৃক্ততা ও সন্তুষ্টি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আরডিএ চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানের সব পর্যায়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। পাশাপাশি অতীতের অনিয়ম নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জানাতে তিনি নাগরিক ও সাংবাদিকদের আহ্বান জানান।
দায়িত্ব গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষর করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এবং আরডিএ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।























