‘আমি এখনও বেঁচে আছি’, মৃত্যুর গুজব উড়িয়ে বললেন অভিনেত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। তবে নিজেই সামনে এসে সেই গুজবের অবসান ঘটিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানিয়া বৃষ্টি লিখেছেন, “আমি এখনও বেঁচে আছি।” তার এই বার্তার পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ অনেকটাই কমে আসে।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি জানান, মহান আল্লাহর রহমতে ভালো আছেন এবং বর্তমানে বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।
তানিয়া বৃষ্টি বলেন, “আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার রয়েছেন। নিয়মিত চেকআপ করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি।”
তিনি জানান, আগামী ২০ জুন তার কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তৃতীয় সার্জারির জন্যও প্রস্তুতি চলছে।
অভিনেত্রী বলেন, “মাথায় নতুন করে কোনো জটিলতা যেন না হয়, সে কারণে বাসায় বেশি থাকি। এখন খুব একটা বাইরে বের হই না।”
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। একই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ তিনি ভারতে যান এবং এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফেরেন।
বর্তমানে শুটিং থেকে দূরে থাকলেও এবারের ঈদে তার অভিনীত একাধিক নতুন নাটক প্রচারিত হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি।
ভক্তদের কাছে দোয়া চেয়ে তানিয়া বৃষ্টি জানিয়েছেন, সুস্থ হয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরতে চান।
























