১৬ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় ১৬ জেলার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে।





















