রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মিরপুরের পল্লবী এলাকায় রামিসা আক্তারের বাসায় যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে শোকাহত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। রামিসার বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। একপর্যায়ে রামিসার বাবা প্রধানমন্ত্রীর পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
এসময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি রামিসার বড় বোনের ভবিষ্যৎ দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এবং পরিবারটির পাশে থাকবে।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নিজ বাসার পাশের একটি ফ্ল্যাটে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার প্রধান আসামি সোহেল রানা বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তিনি ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।
























