এইচআরএসএস'র প্রতিবেদন
এপ্রিলে ৭৫ সাংবাদিক নির্যাতনের শিকার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
দেশে গত এপ্রিল মাসে অন্তত ৭৫ জন সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, মোট ৪০টি ঘটনায় এসব নির্যাতনের ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ৪২ জন আহত, ১৭ জন শারীরিকভাবে লাঞ্ছিত এবং ১০ জনকে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে আটক করা হয় এবং চারটি পৃথক মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
একই সময়ে দেশে গণপিটুনি ও মব সহিংসতার ৪৪টি ঘটনায় ২২ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। এসব ঘটনার পেছনে চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ম অবমাননার অভিযোগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক সহিংসতার চিত্রও উদ্বেগজনক। এপ্রিল মাসে ৯৮টি ঘটনায় ছয়জন নিহত ও ৫৩৩ জন আহত হয়েছেন। যদিও মার্চের তুলনায় সহিংসতা কিছুটা কমেছে, তবুও পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে এইচআরএসএস।
প্রতিবেদনে আরও বলা হয়, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৪০টি সংঘর্ষে চারজন নিহত ও ২৪৭ জন আহত হয়েছেন। এছাড়া বিএনপি-জামায়াত সংঘর্ষে ১১৩ জন এবং বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ৫৮ জন আহত হয়েছেন।
মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এপ্রিল মাসে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক ঘটনায় ২৩ জনকে আটক এবং নয়টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সাতটি জনসভা ও সমাবেশে বাধা দেয়, এতে ৪৯ জন আহত ও দুজন আটক হন।
নারী ও শিশুদের পরিস্থিতিও আশঙ্কাজনক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিলে ২৯৪ জন নারী ও কিশোরী সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৬৮টি ধর্ষণ ও ৭৯টি যৌন হয়রানির ঘটনা রয়েছে। পারিবারিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৬৪ জন নারী।
শ্রম খাতেও দুর্ঘটনা ও সহিংসতা অব্যাহত রয়েছে। ৮০টি ঘটনায় ১৩ জন শ্রমিক নিহত ও ১১৬ জন আহত হয়েছেন। এছাড়া অনিরাপদ কর্মপরিবেশে দুর্ঘটনায় মারা গেছেন আরও ৬৪ জন শ্রমিক।
সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জননিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মানবাধিকার পরিস্থিতি ক্রমেই সংবেদনশীল হয়ে উঠছে। তিনি সতর্ক করে বলেন, সাংবাদিকদের ওপর হামলা, গণপিটুনি এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

















