ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকা দরে সংগ্রহ শুরু ৩ মে
বোরো সংগ্রহে সরকারের বড় লক্ষ্য, বাজারে প্রভাব কতটা?
- সংবাদ প্রকাশের সময় : ০২:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
চলতি বোরো মৌসুমে আগামী ৩ মে থেকে সরকার ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ মৌসুমে মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এফপিএমসি সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে ক্রয় করা হবে।
মন্ত্রী জানান, আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ চলবে। আর ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত আছে। এছাড়া চলতি মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতব চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত বছরও একই দামে বোরো ধান ও চাল সংগ্রহ করা হয়েছিল বলে জানানো হয়।





















