চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ৯
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসের একটি ভবনে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা একটি গ্রাফিতিতে পরিবর্তন এনে ‘ছাত্র’ শব্দ মুছে সেখানে ‘গুপ্ত’ লেখা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট ও মন্তব্যের পর উত্তেজনা বাড়ে।
এর জের ধরে সকাল থেকেই ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়।
ছাত্রদল দাবি করেছে, সাধারণ শিক্ষার্থীরা লেখাটি পরিবর্তন করলেও পরে শিবিরের নেতাকর্মীরা উসকানিমূলক প্রচারণা চালায় এবং তাদের ওপর হামলা করে। সংগঠনটির দাবি, তাদের চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, ক্লাস ও পরীক্ষা দিতে আসা তাদের কর্মীদের ওপর ছাত্রদল অতর্কিত হামলা চালায়। এতে তাদের অন্তত ৫ জন আহত হয়েছেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, “ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছিল, পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
























