মনোনয়ন পেলেন নিপুণ রায়, সংসদে একই পরিবারের তিনজন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নিপুণ রায় চৌধুরী। তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই মনোনয়নের মধ্য দিয়ে সংসদীয় অঙ্গনে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি হতে যাচ্ছে। নিপুণ রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর কন্যা এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়-এর পুত্রবধূ। ফলে বাবা, শ্বশুর ও তিনি—একই পরিবারের তিন সদস্য সংসদ সদস্য হওয়ার পথে রয়েছেন।
পেশায় আইনজীবী নিপুণ রায় চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। তিনি ইডেন মহিলা কলেজ-এর প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তার এই মনোনয়ন দলীয় অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।





















