সাগর-রুনি হত্যা: তথ্য যাচাই করছে টাস্কফোর্স, ফের সময়ের আবেদন

- সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ট্রাইব্যুনালের পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে উচ্চপর্যায়ের তদন্ত টাস্কফোর্স। এ কারণে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিল করে তদন্ত শেষ করতে ফের সময় চেয়েছে বিশেষ এই তদন্ত দল।
মঙ্গলবার (১০ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ের আগের দিনই হাইকোর্টে সময়ের আবেদন করে টাস্কফোর্স। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আদেশের জন্য রয়েছে মামলাটি।
এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে নির্ধারিত তারিখে উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় প্রতিবেদন নিয়ে অগ্রগতি হয়নি। এরপর ২২ এপ্রিল, ২৩ অক্টোবর ও চলতি বছরের ২৬ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দফায় আরও ছয় মাস করে সময় দেন আদালত। এর ধারাবাহিকতায় মামলাটি আবারও হাইকোর্টের কার্যতালিকায় ওঠে।
১৪ বছরেও শেষ হয়নি তদন্ত
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। পরদিন সকালে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। এবার ট্রাইব্যুনালের পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের কথা জানিয়ে ফের সময় চাইল তদন্ত টাস্কফোর্স। ফলে মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে।





















