সাংবাদিক ও তাঁর বাবাকে মারধর, আদমদীঘিতে গ্রেপ্তার ১

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক ফিরোজ হোসেন ও তাঁর বাবা ফরহাদ আলীকে মারধরের মামলায় আব্দুর রহমান (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আব্দুর রহমান একই এলাকার লীল চাঁনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিহিগ্রাম কুমারপাড়ায় বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ করছিলেন সাংবাদিক ফিরোজ হোসেনের বাবা ফরহাদ আলী। এ সময় প্রতিবেশী আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা নামে তিন নারী তাকে গালিগালাজ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ফরহাদ আলী গালিগালাজ করতে নিষেধ করলে ওই তিন নারী তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম হয়।
বাবার চিৎকার শুনে সাংবাদিক ফিরোজ হোসেন এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শনিবার সকালে ফিরোজ হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

























