শাহজালাল মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা, ৩৫ শতাংশ যাবে উন্নয়নে

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে কমিটির সদস্যসচিব ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি জানান।
তিনি বলেন, এখন থেকে প্রতিদিন মাজারের দানের অর্থ গণনা করা হবে। অর্থ গণনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাজার কমিটির পক্ষ থেকে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। এই পদে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন অথবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া হিসাব ব্যবস্থাপনার জন্য একজন হিসাবরক্ষক এবং একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।
দানের অর্থের ৩৫ শতাংশ উন্নয়নে
সিদ্ধান্ত অনুযায়ী, মাজারে দান হিসেবে পাওয়া অর্থের ৩৫ শতাংশ উন্নয়নকাজের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে। ওই ব্যাংক হিসাব সিলেটের জেলা প্রশাসক ও মাজারের মোতোয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।
অবশিষ্ট ৬৫ শতাংশ অর্থ মাজারের দৈনন্দিন খরচ এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যয় করা হবে।
কমিটির সভায় মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দানের অর্থের যথাযথ ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।





















