হবিগঞ্জে ভারতীয় পণ্যসহ ৩ জন গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র একটি বিশেষ টহলদলের অভিযানে ভারতীয় মদ সহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী জব্দ এবং তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র কালেঙ্গা বিওপির একটি টহল দল শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল সোয়া ৩ টার দিকে সীমান্ত নীলার ১৯৫৩/এম থেকে ১ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণছড়া রিজার্ভটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দুইজন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সঙ্গে মদ, শাড়িসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। ভারতীয় নাগরিকরা হলেন সুমন দাস (৪১), পিতা-নেপাল দাস এবং শম্ভু দাস (৪১), পিতা- ধনেশ দাস, উভয়ের স্থায়ী ঠিকানা গ্রাম ও পোষ্ট-যোগেন্দ্রনগর, থানা- পূর্ব আগরতলা, জেলা-আগর তলা, ভারত।
এছাড়াও, বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আমির (৩০), পিতা- হেলাল উদ্দিন, গ্রাম- জাম্বুরছড়া, ডাকঘর- হিক্কা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, যিনি আটক ভারতীয়দের সীমান্ত পারাপারে সহায়তা করছিলেন।
আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ মালামালও উদ্ধায় করা হয়, যার মধ্যে রয়েছে ৪ বোতল ভারতীয় মদ, ১২২ পিস ভারতীয় শাড়ি, ৩ পিস ভারতীয় ধুতি, ১টি ভারতীয় ফেসওয়াশ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, ২টি ভারতীয় সিম কার্ড, ১টি মোবাইল চার্জার, ১,০৬৪ ভারতীয় রুপি এবং ১৮৫ বাংলাদেশি টাকা। এছাড়া, আটককৃতদের কাছ থেকে ১টি পেন কার্ড, ১টি ভোটার কার্ড, ১টি আধার কার্ড এবং ১টি ভিসা কার্ড উদ্ধার করা হয়েছে।
৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল সততা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করার মাধ্যমে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।


























