তিস্তা ইস্যুতে মাঠে নামছে বিএনপি
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে এবার মাঠে নামছে বিএনপি। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধায় এ কর্মসূচি উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন জনদাবিতে সারাদেশে সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
এর আগে, সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।























