১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
প্রশাসনে আবারও বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা ঘটছে। প্রশাসনের পাশাপাশি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবসরে পাঠানো ১২ অতিরিক্ত সচিব
নতুন করে বাধ্যতামূলক অবসরে পাঠানো ১২ অতিরিক্ত সচিব হলেন— মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান, মেহেদী হাসান।
অবসরে পাঠানো ৪ যুগ্ম সচিব
বাধ্যতামূলক অবসরে পাঠানো চার যুগ্ম সচিব হলেন মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।
এর আগে গত জুলাই মাসে আরও ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।





















