আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতকারীদের বিএনপিতে জায়গা নেই: আইনমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০১:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত রেখে বিএনপির রাজনীতি করার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক কারবার ও আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, এ ধরনের ব্যক্তিরা দলের সম্পদ নন, বরং জঞ্জাল, আবর্জনা ও বোঝা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দু-একজন চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত। অথচ তাদের সঙ্গে আওয়ামী লীগের এখনো গোপন আঁতাত রয়েছে। বিগত ১৭ বছর ধরে এই চক্র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এখনো তারা আওয়ামী লীগকে গোপনে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এমন ব্যক্তিদের বিএনপিতে কোনো প্রয়োজন নেই।
দলের ভেতরে অনুপ্রবেশকারী ও অপরাধে জড়িতদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির অপকর্মের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া হবে না। ব্যক্তির অপরাধের দায় পুরো দল নেবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে স্বাধীনভাবে কাজ করতে হবে। আইন মেনেই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়ার সুযোগ নেই।
প্রশাসনকে সতর্ক করে মো. আসাদুজ্জামান আরও বলেন, একজন বা দুজন চাঁদাবাজি করবেন, অথচ তার দায় বিএনপিকে নিতে হবে—এটা হতে পারে না। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, তাদের সমাজে টিকে থাকার অধিকার নেই।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বুজে তাকে গ্রেপ্তার করবেন। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি।’
অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের আর্থিক সহায়তা হিসেবে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























