শীতের সবজিতেও দামের উত্তাপ, মাছ-মাংসের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
শীতের মৌসুমি সবজিতে বাজার ভরে উঠতে শুরু করেছে। মাছ-মাংসের সরবরাহেও ঘাটতি নেই। কিন্তু বাজারে পণ্যের পর্যাপ্ততা থাকলেও দামে তার কোনো প্রতিফলন নেই। বরং টমেটো, গাজরসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যদিকে মাছ, মাংস, চাল, ডাল, তেল ও মসলার বাড়তি দামও কমছে না। ফলে নিত্যপণ্যের বাজারে গিয়ে প্রতিদিনই বাড়তি খরচের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটে তৈরি হচ্ছে বাড়তি চাপ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুর-৬ সহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, মৌসুমের সবজি বাজারে এলেও দামে স্বস্তি নেই। প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে আগের তুলনায় বেশি টাকা গুনতে হচ্ছে।
মৌসুমি সবজিতেও চড়া দাম
মিরপুর-৬ বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। সাদা ফুলকপি আকার ও মানভেদে প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা এবং সবুজ ফুলকপি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপির দাম ৪০ থেকে ৫০ টাকা। এ ছাড়া প্রতি কেজি টমেটো ১১০ থেকে ১৪০ টাকা এবং গাজর ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। বেগুনের দাম মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি।
বাজার করতে আসা হৃদয় মিয়া বলেন, ‘সবজির সিজনে এখনো দাম বাড়তি। নতুন সবজির পাশাপাশি অন্যান্য সবজিও একটু দামেই কিনতে হচ্ছে।’
মাছ-মাংস কিনতেও বাড়তি খরচ
সবজির পাশাপাশি মাছ-মাংসের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির দাম ৩০০ থেকে ৩১০ টাকা। দেশি মুরগি কিনতে খরচ হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা। হাঁস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়।
গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। অন্যদিকে ছাগলের মাংসের দাম ১ হাজার থেকে ১ হাজার ১৫০ টাকা। ডিমের বাজারে ফার্মের লাল ডিমের ডজন ১৩০ টাকা এবং সাদা ডিমের ডজন ১২০ টাকা। তবে হাঁসের ডিমের দাম এখনো বেশি।
মাছের বাজারেও ক্রেতাদের স্বস্তি ফেরেনি। মাছ বিক্রেতা সজিব বলেন, আড়ত থেকে পর্যাপ্ত পরিমাণে মাছ কিনতে না পারলে খুচরা বাজারে দাম অনেকটাই বেড়ে যায়। এর সঙ্গে পরিবহন খরচও আগের তুলনায় বেশি। এসব কারণে মাছের দামও বাড়তি থাকছে।
চাল-ডাল, তেল-মসলায়ও বাড়তি চাপ
শুধু তাজা খাবার নয়, রান্নার অপরিহার্য উপকরণ কিনতেও বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। বাজারে প্রতি কেজি আটাশ চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। মিনিকেট চালের দাম মানভেদে ৮০ থেকে ৯০ টাকা। মোটা চাল পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৫৬ টাকায়।
মোটা মসুর ডাল প্রতি কেজি ১০০ টাকা এবং চিকন মসুর ডাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আদা ও রসুনের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৮০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
মসলার বাজারেও দামের পার্থক্য চোখে পড়ার মতো। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়। দারুচিনির দাম ৬০০ থেকে ৬৫০ টাকা। অন্যদিকে সয়াবিন তেলের গায়ের দাম লিটারপ্রতি ২০৪ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ২১০ টাকায়।
সব মিলিয়ে শীতের সবজির মৌসুম শুরু হলেও রাজধানীর বাজারে স্বস্তির দেখা নেই। সরবরাহ পর্যাপ্ত থাকার পরও পণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে চাপে ফেলছে। প্রতিদিনের বাজার খরচ সামলাতে গিয়ে সংসারের অন্য খরচে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন সীমিত আয়ের মানুষ।





















