ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৮৮ টাকা।
নতুন নির্ধারিত দরে এখন থেকে বাজারে ভোজ্যতেল বিক্রি হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮৮ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা পাম তেলের লিটারপ্রতি দাম আগের মতো ১৬৬ টাকাই থাকছে।
মূল্য সমন্বয়ের সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে সরবরাহের চিত্র বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে। ওই প্রতিবেদন পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ব্যবসায়ীদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার যুক্তিতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।
তবে দাম বাড়ানোর পাশাপাশি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নজরদারি জোরদারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে তেল মজুত এবং নির্ধারিত দরের বেশি দামে বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















