টাকা-স্বর্ণালংকার চুরি করতে গিয়ে গণপতি পরিবারের চারজনকে হত্যা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ছাদে অপেক্ষার সময় দেখে ফেলায় প্রথমে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যা, পরে প্রাণ যায় স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলের; অভিযোগপত্রে ৫৩ সাক্ষী ও ৬৬টি আলামত
বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়েছিলেন দুই যুবক। সেই সম্পদ চুরির পরিকল্পনা নিয়েই তাঁরা ঢুকেছিলেন রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে। কিন্তু ছাদে অপেক্ষা করার সময় তাঁদের দেখে ফেলেন গণপতি। এরপর তাঁকে হত্যা করা হয়। একে একে প্রাণ হারান তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছরের ছেলে আয়ুষও।
গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। পুলিশ জানিয়েছে, তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তদন্তে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষাতেও দুই আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
আগে থেকেই নজরে ছিল বাড়িটি
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য জেনেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
তদন্তে জানা গেছে, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটিও হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় ইয়াবা সেবন করেন তাঁরা।
একপর্যায়ে ছাদে শব্দ শুনে সেখানে যান গণপতি চক্রবর্তী। এ সময় দুই আসামিকে দেখে ফেলেন তিনি। তখন তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী। পুলিশের দাবি, দুই আসামি তাঁদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে হত্যা করা হয়। আগামীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায় বলে জানান উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান আসামিরা
পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান দুই আসামি। তাঁদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা।
পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।
অবসরকালীন ২০ লাখ টাকা ব্যাংকে, জব্দ দুই হিসাব
গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়েও এলাকায় নানা আলোচনা ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি ৫০ থেকে ৬০ লাখ টাকা পেয়েছেন বলে এলাকায় প্রচার ছিল। তবে তদন্তে দেখা গেছে, অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন তিনি। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় আছে।
পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার করা আলামত এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মামলার তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এখনো শুরু হয়নি বিচার কার্যক্রম
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
গত ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় হত্যা মামলা করেন গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। প্রথমে কোতোয়ালি থানা মামলাটির তদন্ত শুরু করলেও পরে দায়িত্ব নেয় মহানগর ডিবি পুলিশ।





















