শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করতে চায়নি নয়াদিল্লি; বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় উদ্বেগ প্রকাশ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে ভারত। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি দেশটি।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। এ নিয়ে ভারতের পক্ষ থেকে আর কিছু বলার নেই।
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে তিনি বলেন, অনুরোধটি ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ পৃথক।
এদিকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।


























