নভেম্বরের ২৩ দিনে সারা দেশে ২১৩ নাশকতা

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
১২১টি ককটেল বিস্ফোরণ, ৯৯ পরিবহনে আগুন; এসব ঘটনায় ১০০ জন গ্রেপ্তার, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে সরকার
চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি জানান, ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নাশকতার ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝটিকা মিছিল ৭২টি, গ্রেপ্তার ৬৬
তথ্য উপদেষ্টা জানান, এ সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
তিনি বলেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এসব মিছিল ও কার্যক্রম বেআইনি। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার কার্যক্রম চলছে।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে তিনি জানান, এ সময়ে পুলিশের স্থাপনায় চারটি হামলা, পুলিশের গাড়িতে ২৮টি অগ্নিসংযোগ এবং স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ৩৪ ঘটনা নথিভুক্ত
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে জাহেদ উর রহমান জানান, পুলিশের হিসাবে ৩৪টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ২৩টি অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।
এসব ঘটনায় কেউ হতাহত না হলেও আটটি মামলা ও ১৯টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। তবে পুলিশের নথির বাইরে গণমাধ্যমে আরও ৭২টি ঘটনার খবর এসেছে বলে জানান তিনি। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করেছেন।
জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
বিএনপির কর্মসূচিতে হামলায় চার নেতাকর্মী নিহত
বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চার নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানান জাহেদ উর রহমান। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ নেতাকর্মীদের বাড়িঘর এবং একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের সময়ও হাসপাতালে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।
নড়াইলে হিন্দু বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ভারতের মূলধারার গণমাধ্যম এ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রচার করছে। এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা স্বীকার করে তিনি বলেন, এসব ফৌজদারি অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত দিয়ে অভিযুক্ত নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি। গোপালগঞ্জের কাশিয়ানীতে চারটি হিন্দু বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপদেষ্টা।
গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সঙ্গে যোগাযোগ
এদিকে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে। গত ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের জলশক্তিমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সঙ্গে আলোচনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘তাকে দেশে ফেরানো নিয়ে শেখ হাসিনার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই, আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।’
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।























