মানবিক সহায়তায় নতুন নিয়ম, চারটি পূরণ করলেই মিলবে সরকারি সহায়তা

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ভিজিএফ থেকে ঘর মেরামত—সহায়তার পরিমাণ নির্ধারণ; বরাদ্দের সাত কর্মদিবসের মধ্যে বিতরণ, আপত্তি নিষ্পত্তি করতে হবে ১৫ দিনে
দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি পূরণ করলেই কোনো পরিবারকে মানবিক সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে ভিজিএফ, খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র, নগদ অর্থ এবং ঘর নির্মাণে ঢেউটিন দেওয়ার পরিমাণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
সহায়তা বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতি ঠেকাতে এবার সুবিধাভোগীদের জন্য তৈরি হবে কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত তালিকা তৈরি, যাচাই ও অনুমোদনের ধাপ নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। তালিকায় নাম না থাকা কিংবা সহায়তা নিয়ে কোনো আপত্তি উঠলে সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
এসব বিধান রেখে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।
কারা পাবেন মানবিক সহায়তা
নতুন নির্দেশিকায় সহায়তার আওতা বাড়ানো হয়েছে। স্বাভাবিক সময়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং সাময়িক খাদ্যসংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠী এ সুবিধা পাবে। পাশাপাশি অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীকে সহায়তার আওতায় আনা হয়েছে। নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবারও এ সুবিধা পাবে। প্রয়োজনে সরকার অন্য ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠীকেও কর্মসূচির অন্তর্ভুক্ত করতে পারবে।
দুস্থ ও অতিদরিদ্র পরিবার চিহ্নিত করতে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত চারটি পূরণ করতে হবে। মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে—
- বসতভিটা ছাড়া পরিবারের কোনো কৃষিজমি না থাকা।
- দিনমজুরের আয়ের ওপর পরিবারের নির্ভরশীলতা।
- পরিবারের প্রধান নারী শ্রমিক বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়া।
- উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা।
- স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে পাঠাতে বাধ্য হওয়া।
- পরিবারের স্থায়ী উপার্জনক্ষম সম্পদ না থাকা।
- স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার হওয়া।
- অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের পরিবারের সদস্য হওয়া।
- পরিবারের কোনো সদস্য প্রতিবন্ধী হওয়া।
- অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী না হওয়া।
- প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্য বা অর্থসংকটে পড়া।
- বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোগাড় করতে না পারা।
চাল-গম থেকে নগদ অর্থ, সহায়তার পরিমাণ নির্ধারণ
নতুন নির্দেশিকায় দুস্থদের খাদ্যসহায়তা বা ভিজিএফ কর্মসূচিতে পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়ার বিধান রাখা হয়েছে। স্বাভাবিক সময়ে খাদ্য কিনতে অক্ষম দরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন সময়ে খাদ্যসংকটে পড়া জনগোষ্ঠী এ সুবিধা পাবে। বিশেষ পেশায় নিয়োজিত অতিদরিদ্র মানুষকে জনস্বার্থে সাময়িকভাবে কাজ থেকে বিরত রাখার সময়ও খাদ্যসহায়তা দেওয়া যাবে।
নতুন কোনো মহামারির কারণে বিভিন্ন পেশার মানুষ কর্মহীন হয়ে পড়লে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম দেওয়া যাবে। এ ক্ষেত্রে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তার বিধানও রাখা হয়েছে।
অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীপ্রতি দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন দেওয়া যাবে। পাশাপাশি ১০০ গ্রাম সয়া দুধ অথবা সরকার নির্ধারিত অন্য কোনো খাদ্য সরবরাহ করা যাবে।
দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। দুর্যোগে কারও মৃত্যু হলে তাঁর পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। আহত ব্যক্তির চিকিৎসায় দেওয়া যাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ, মন্দির, প্যাগোডা, কিয়াং, পাঠাগার ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার বা মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা দেওয়া যাবে। বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ সহায়তা ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো সম্ভব।
গবাদিপশু মারা গেলে গরু বা মহিষের জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং ভেড়া বা ছাগলের জন্য পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে। আহত পশুর চিকিৎসার জন্যও অর্থ বরাদ্দের সুযোগ রয়েছে। এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং চরাঞ্চলের স্কুল-কলেজগামী মেয়েদের সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।
শিশুখাদ্য ও পশুখাদ্যে আলাদা বরাদ্দ
দুস্থ ও অতিদরিদ্র পরিবারের শিশুখাদ্য কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা দেওয়া যাবে। এ অর্থ দিয়ে দুধ, হরলিক্স, সাগু, সুজি, বার্লি, চিনি ও নুডলসসহ প্রয়োজনীয় খাবার কেনা যাবে।
একইভাবে গবাদিপশুর খাবার কিনতে অসচ্ছল পরিবার বছরে একবার সর্বোচ্চ দুই হাজার টাকা পাবে। খৈল, ভুসি, খড়, কুড়ো ও ঘাসসহ বিভিন্ন ধরনের গোখাদ্য কেনার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।
শীতবস্ত্র বিতরণেও নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। একজনকে একটি কম্বল, চাদর বা কমফোর্টার দেওয়া যাবে। একটি পরিবার সর্বোচ্চ দুটি পাবে। অন্যান্য বস্ত্র ব্যক্তিপ্রতি একটি এবং পরিবারপ্রতি সর্বোচ্চ তিনটি দেওয়া যাবে। তীব্র শীত, কুয়াশা বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তারপলিন বা তাবু দেওয়ার বিধান রয়েছে। তবে আগের বছর একই ধরনের সরকারি সহায়তা পাওয়া ব্যক্তি বা পরিবার পরবর্তী সময়ে তা পাওয়ার যোগ্য হবে না।
ঘর নির্মাণে ছয় বান্ডিল পর্যন্ত ঢেউটিন
দুস্থ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র ব্যক্তির ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। ঘর পুনর্নির্মাণে দেওয়া হবে চার বান্ডিল। সাধারণভাবে ১০ বছরে একবার এ সুবিধা পাওয়া যাবে।
দুর্যোগে বাসগৃহ বা স্বনির্মিত দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হলে মেরামতের জন্য সর্বোচ্চ দুই বান্ডিল ঢেউটিন এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তিন বান্ডিল দেওয়া যাবে। বিশেষ বিবেচনায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা পাঁচ বান্ডিল পর্যন্ত বাড়ানো সম্ভব। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও ব্যবসায়ী উভয়েই এ সুবিধা পাবেন।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল এবং অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সাত বান্ডিল ঢেউটিন বরাদ্দের বিধান রাখা হয়েছে।
নগদ সহায়তার ক্ষেত্রে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে পরিবারপ্রতি সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে ৫০ হাজার টাকা দেওয়া যাবে। শিক্ষা, ধর্মীয় ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামত বা নির্মাণে সর্বোচ্চ এক লাখ টাকা সহায়তা পাওয়া যাবে। সরকারি জিআর কর্মসূচির আওতায় ঢেউটিন পাওয়া পরিবারকে প্রতি বান্ডিলের বিপরীতে ছয় হাজার টাকা দেওয়া যাবে। এ সুবিধাও ১০ বছরে একবারের বেশি পাওয়া যাবে না।
ওয়ার্ড থেকে জেলা, যেভাবে তৈরি হবে সুবিধাভোগীর তালিকা
সুবিধাভোগী নির্বাচনে নতুন নির্দেশিকায় কয়েক ধাপের যাচাই-বাছাই পদ্ধতি রাখা হয়েছে। ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রাম পর্যায়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবারের তালিকা তৈরি করবে। ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তালিকা যাচাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে।
ইউনিয়ন পর্যায়ের তালিকা অনুমোদন করবে উপজেলা কমিটি। পৌরসভার তালিকা অনুমোদন করবেন জেলা প্রশাসক। জেলা পর্যায়ে সব উপজেলার তালিকা একীভূত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠাতে হবে। অধিদপ্তর দেশের সব জেলার তথ্য সমন্বয় করে পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ে জমা দেবে।
দুর্যোগে ক্ষয়ক্ষতির প্রতিবেদন, ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা বিশ্লেষণ করে সহায়তার বরাদ্দ নির্ধারণ করবে মন্ত্রণালয়।
তালিকায় নাম না থাকা বা সহায়তা নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা কমিটির সভাপতির কাছে আপত্তি জানাতে পারবেন। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
সাত দিনের মধ্যে বিতরণ, থাকবে ডিজিটাল নজরদারি
নির্দেশিকায় বলা হয়েছে, বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। বিতরণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রকৃত উপকারভোগীর কাছে সহায়তা পৌঁছানো এবং স্বজনপ্রীতি ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ জন্য ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা বিতরণে পৃথক ব্যবস্থা রাখার পাশাপাশি প্রয়োজনে তাঁদের বাড়িতে সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনাও রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চূড়ান্তভাবে অনুমোদিত সুবিধাভোগীদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করবেন। পাশাপাশি কম্পিউটারে নিকষ বা ইউনিকোড ফন্টে তথ্য রাখতে হবে। মন্ত্রণালয়ের এসএনএসপি ও এমআইএসের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে তৈরি হবে কেন্দ্রীয় ডাটাবেজ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ বলেন, নতুন নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে আগে সর্বোচ্চ দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হলেও এখন তা ছয় বান্ডিল পর্যন্ত করা হয়েছে।
তিনি জানান, ভিজিএফসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির পরিমাণ ও আওতায় পরিবর্তন আনা হয়েছে। উপকারভোগী নির্বাচনে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ন্যূনতম চারটি পূরণ করলেই সংশ্লিষ্ট পরিবারকে সহায়তার যোগ্য বিবেচনা করা হবে।
সেখ ফরিদ আহমেদ বলেন, স্বচ্ছতা বাড়ানোই নতুন নির্দেশিকা প্রণয়নের মূল উদ্দেশ্য। তবে এর কার্যকর বাস্তবায়ন নির্ভর করবে মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের ওপর। সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করলে প্রকৃত উপযুক্ত ব্যক্তিরাই সরকারি সহায়তা পাবেন।





















