জয়পুরহাটে ক্ষুদ্র ও অসচ্ছল ব্যবসায়ীদের মধ্যে পণ্যসামগ্রী বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ক্ষুদ্র ও অসচ্ছল ব্যবসায়ীদের স্বাবলম্বী করে তুলতে আয়বর্ধক প্রকল্পের আওতায় অনুদান ও পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আউসগাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি উপকারভোগীদের হাতে সহায়তা হিসেবে পণ্যসামগ্রী তুলে দেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করে সার্বিক খোঁজখবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের আয়বর্ধক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র ও অসচ্ছল ব্যবসায়ীরা সহায়তা কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। কর্মঠ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বাবলম্বী করার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আউসগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন ও নির্বাহী পরিচালক শফিকুল আলম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মণ্ডল, এনআরডিএসের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বিটন, জেলা কৃষকদলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি ও উপকরণের সংকট কাটিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে সহায়ক হবে।






















