ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত, আহত ২৫

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহন দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপারের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহত অন্তত ২৫ যাত্রীকে উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়।
তবে কী কারণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত হেলপারের পরিচয়ও এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
























