হামে মৃত্যু ১ হাজার ৩৩৬, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৩০ রোগী

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৩৬ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩০ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৫৬৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২২৬, সিলেটে ১৮৩, বরিশালে ১২৯, খুলনায় ১১৮, ময়মনসিংহে ৭৩, রাজশাহীতে ২৩ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।
এদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ৮৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
ক্রমবর্ধমান সংক্রমণ, হাসপাতালে রোগীর চাপ এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দেশের হাম পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য মহলে উদ্বেগ বাড়ছে।





















